সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন চৌধুরী। এক-এগারোর পটপরিবর্তনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান এবং ওই কমিটির অধীনেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।
২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তার চাকরির মেয়াদ তিন দফা বাড়ায়। অবসরের পর তিনি ঢাকায় রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসায় জড়িত হন।
রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে ২০১৮ ও ২০২৪ সালে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে