আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক মারা গেছেন
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক মারা গেছেন। শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিচারপতি আনোয়ার উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান জানান, রোববার (২৬ মে) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি আনোয়ার উল হকের জানাজা অনুষ্ঠিত হবে।
১৯৪৭ সালের ৯ এপ্রিল জন্মগ্রহণ করেন মোহাম্মদ আনোয়ার উল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে এলএলবি, এলএলএম সম্পন্ন করে ১৯৭২ সালের ১৫ এপ্রিল মুনসেফ (সহকারী জজ) হিসেবে যোগদান করেন। পরে জেলা ও দায়রা জজে পদোন্নতি পান। ২০০১ সালের ৩ জুলাই তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০০৩ সালের ৩ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১৩ সালের ৩১ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। অবসরের পর তাকে পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে