বাধ্যতামূলক অবসরে ডিবির সাবেক কর্মকর্তা গোলাম সাকলায়েন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বর্তমানে তিনি ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এর আগে ২০২৪ সালের ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে গোলাম সাকলায়েনকে ‘গুরুদণ্ড’ হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে মতামত চেয়ে চিঠি পাঠায়।
সেখানে উল্লেখ করা হয়, মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণে বিভিন্ন সময়ে দিন ও রাত উভয় সময়েই অভিনেত্রী পরীমনির বাসভবনে গোলাম সাকলায়েনের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়টি বিভাগীয় শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২১ সালের জুনে সাভারের একটি বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনায় পরীমনি ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তৎকালীন ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে তার পরিচয় হয়।
পরবর্তীতে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এছাড়া ২০২১ সালের আগস্টে পরীমনি গোলাম সাকলায়েনের সরকারি বাসভবনে অবস্থান করেছিলেন বলে বিভিন্ন তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই বছরের ৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে পরীমনি গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে অবশেষে গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
মতামত দিন