সরকার গঠন ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশে সরকার গঠন এবং জাতীয় নির্বাচনের সময়সূচিকে সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) এর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রদূত ইয়াও বলেন, ‘জাতীয় সরকার গঠন হবে কিনা এবং নির্বাচন কবে হবে—এই দুটি বিষয়ই বাংলাদেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।’ তিনি আরও বলেন, চীন বিশ্বাস করে যে তত্ত্বাবধায়ক সরকার একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে।
বিএনপি ও জামায়াতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, আগের সরকারের আমলে এসব সম্পর্কের অগ্রগতি না হওয়ার কারণ সবারই জানা।
সম্প্রতি মাইলস্টোনে চীনা যুদ্ধবিমান দুর্ঘটনার বিষয়ে রাষ্ট্রদূত ইয়াও নিশ্চিত করেন, চীন বিষয়টি তদন্ত করছে এবং শিগগিরই একটি কারিগরি বিশেষজ্ঞ দল ঢাকা সফর করবে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে দেয়াই একমাত্র টেকসই সমাধান। এ বিষয়ে চীন বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে প্রত্যাবাসন এখনই সম্ভব নয় বলেও স্বীকার করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাবের সভাপতি এ কে এম মঈনউদ্দিন। এতে বক্তব্য রাখেন সংগঠটির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুনও।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে