ক্ষমা চেয়ে ভুলে যেতে বললেন বাণিজ্য উপদেষ্টা
নতুন সরকার গঠনের পরপরই পেশাগত জীবনে ফিরে যাবেন জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে তাকে ভুলে যেতে অনুরোধ করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ চুক্তি সই উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, আমি আগে কখনো কোনো যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না। আবারও সেই নিরিবিলি জীবনে ফিরে যেতে চাই। আমার ভুলত্রুটি থাকতেই পারে, সেজন্য ক্ষমা করবেন। তবে একটি শেষ অনুরোধ—আমাকে দয়া করে ভুলে যাবেন।
তিনি বলেন, বিভিন্ন প্রশ্ন ও অনুসন্ধানের মাধ্যমে সাংবাদিকরা তাকে জবাবদিহির মধ্যে রেখেছেন। এর ফলে তার কাজের গতি বেড়েছে এবং যেখানে ভুল ছিল, সেখানে সংশোধনের সুযোগ তৈরি হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা জানান, সরকারে আসার সময় তার প্রশাসনিক অভিজ্ঞতা খুব বেশি ছিল না। তবে তিনি সৎভাবে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছেন।
তিনি বলেন, কারও প্রতি বৈষম্য বা স্বজনপ্রীতি করিনি। আল্লাহর রহমতে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পেয়েছি।
প্রধান উপদেষ্টার ভূমিকাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা ও সহযোগিতার কারণেই তিনি দায়িত্ব পালন করতে পেরেছেন। প্রয়োজন হলেই আন্তরিকতা ও প্রজ্ঞার সঙ্গে দিকনির্দেশনা পেয়েছেন।
তিনি বলেন, যত কিছু সম্ভব হয়েছে, সবই প্রধান উপদেষ্টার নির্দেশনায়। আমরা যখনই কোনো বিষয়ে গাইডেন্স চেয়েছি, তিনি অসম্ভব দরদ ও বুদ্ধিমত্তার সঙ্গে নির্দেশনা দিয়েছেন।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে শেখ বশিরউদ্দীন বলেন, ইনশাআল্লাহ নতুন সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার কর্মজীবনে ফিরে যাব। আশা করি, আপনারা আমাকে ভুলে যাবেন এবং মাফ করে দেবেন। শেষ অনুরোধ—দয়া করে আমাকে ভুলে যাবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে