হতাশাজনক ম্যাচ ভুলে মাথা উঁচু রেখে সামনে তাকাতে বললেন রোনালদো
বিশ্বকাপের মঞ্চে আবারও গোলহীন থাকলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের দিনে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। তবে ম্যাচের ফল কিংবা নিজের পারফরম্যান্স নিয়ে বেশি ভাবতে নারাজ রোনালদো। বরং তিনি সতীর্থদের মাথা উঁচু রেখে পরবর্তী ম্যাচে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে মাঠে নেমে পুরো সময় খেললেও নিজেকে মেলে ধরতে পারেননি পর্তুগাল অধিনায়ক। গোলের সুযোগ তৈরি করা তো দূরের কথা, ম্যাচজুড়ে তিনি ছিলেন প্রায় নিষ্প্রভ। পরিসংখ্যান বলছে, পুরো ম্যাচে মাত্র ২৫ বার বলে স্পর্শ করেছেন রোনালদো, যা মেজর টুর্নামেন্টে পূর্ণ সময় খেলা ম্যাচগুলোর মধ্যে তার সর্বনিম্ন।
এছাড়া ম্যাচে পাওয়া অন্তত দুটি ভালো সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফলে বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ এবং বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০টি মেজর টুর্নামেন্ট ম্যাচে গোলহীন থাকার রেকর্ডে পৌঁছেছেন তিনি।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রোনালদো বলেন, শুরুটা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে সবকিছু শেষ হয়ে যায়নি। মাথা উঁচু রাখো এবং পরের ম্যাচে মনোযোগ দাও।
ডিআর কঙ্গোর বিপক্ষে ড্রয়ের ফলে বিশ্বকাপ মিশন কঠিন হয়ে পড়লেও এখনো পরের পর্বে ওঠার সুযোগ রয়েছে পর্তুগালের সামনে। সেই লক্ষ্য নিয়েই আগামী মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। ম্যাচটি পর্তুগালের জন্য অনেকটাই ‘বাঁচা-মরার’ লড়াই হয়ে উঠতে পারে।
মতামত দিন