Views Bangladesh Logo

দুই দিনের ব্যবধানে রিজার্ভ বাড়ল, ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। প্রবাসী আয় ও বৈদেশিক অর্থপ্রবাহ বাড়ায় মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, বর্তমানে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার বা প্রায় ৩২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছেন। এর মাত্র দুই দিন আগে, ১৮ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ হিসাবে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

অর্থাৎ দুই দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ১০৩ দশমিক ৩৭ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ হিসাবেও রিজার্ভ বেড়েছে ৯৩ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।

সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বাড়ার পাশাপাশি বৈদেশিক অর্থপ্রবাহে গতি ফেরায় রিজার্ভে এর ইতিবাচক প্রভাব পড়ছে। এতে দেশের বৈদেশিক লেনদেনের সক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে গ্রস রিজার্ভের পুরো অর্থ ব্যবহারযোগ্য নয়। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাবের ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে আকু বিলসহ বিভিন্ন স্বল্পমেয়াদি দায় ও বাধ্যবাধকতার অর্থ বাদ দেওয়া হয়। এ হিসাবে দেশের প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ