ম্যারাডোনার মৃত্যু নিয়ে আদালতে বিস্ফোরক তথ্য ফরেনসিক চিকিৎসকের
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ২০২০ সালে মৃত্যুর আগে বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর শরীরে বিভিন্ন সতর্ক সংকেত দেখা গিয়েছিল, যা চিকিৎসকরা উপেক্ষা করেছিলেন বলে আদালতকে জানিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
মঙ্গলবার (১১ আগস্ট) বুয়েনস আইরেসের সান ইসিদ্রো আদালতে ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চলমান মামলার শুনানিতে সাক্ষ্য প্রদানকালে তিনি এ দাবি করেন।
ফরেনসিক চিকিৎসক কার্লোস ক্যাসিনেলি বলেন, তিনি ম্যারাডোনার নিম্নাঙ্গে এডিমা (পানি জমা), আঙুলে ফোলাভাব, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপের লক্ষণ ও অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দনের মতো মারাত্মক শারীরিক জটিলতা লক্ষ্য করেছিলেন।
তিনি আদালতকে বলেন, ‘শরীরে পানি জমার কারণে প্রাণঘাতী ঝুঁকি তৈরি হওয়া সত্ত্বেও কোনো চিকিৎসক এটি খতিয়ে দেখেনি।’
ক্যাসিনেলি আরও বলেন, ‘আমরা মনে করি চিকিৎসকরা এই সতর্ক সংকেতগুলো বিবেচনায় নেননি; কারণ তাঁদের চিকিৎসা পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি।’
তিনি আরও উল্লেখ করেন যে, ম্যারাডোনাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়াটাই ছিল ভুল সিদ্ধান্ত।
জানা গেছে, ক্যাসিনেলি ম্যারাডোনার শারীরিক অবস্থা পর্যালোচনা করার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন প্রধান ফরেনসিক বিশেষজ্ঞ ও সাক্ষী।
উল্লেখ্য, মৃত্যুর আগে ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। এর দুই সপ্তাহ পর হৃদরোগ এবং তীব্র ‘পালমোনারি এডিমা’য় (ফুসফুসে পানি জমে যাওয়া) আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগে গত এপ্রিলের মাঝামাঝি থেকে সাতজন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে।
সূত্র: সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস
মতামত দিন