Views Bangladesh Logo

অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর ও পরিবারের সদস্যদের খোঁজ নিতে মঙ্গলবার তাঁর বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিমন্ত্রী তাঁর বাসায় গিয়েছিলেন বলে জানিয়েছেন বাঁধন নিজেই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।

বাঁধন লিখেছেন, ‘আজ আমার ও আমার পরিবারের খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব। তাঁর এই আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।’

তিনি আরও লিখেছেন, ‘এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাকে ব্যক্তিগতভাবে যেমন আশ্বস্ত করেছে, তেমনি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার আস্থাকেও আরও দৃঢ় করেছে।’

একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি জনগণ উল্লেখ করে বাঁধন বলেন, ‘জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র দায়িত্বশীল ভূমিকা পালন করলে নাগরিকের আস্থার জায়গা আরও শক্তিশালী হয়।’

ইতালিতে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগসহ দেশে-বিদেশে যারা তাঁর ও পরিবারের সদস্যদের খোঁজ নিয়েছেন এবং মানবিক সহায়তা ও সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান বাঁধন।

তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে—অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস এবং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ।’

মতের পার্থক্য থাকলেও একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস করা উচিত নয় বলেও মন্তব্য করেন বাঁধন। তাঁর ভাষায়, ‘মানুষ যখন ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি বহুগুণ বেড়ে যায়।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ