Views Bangladesh Logo

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধানে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দীর্ঘদিনের এই মানবিক ও আঞ্চলিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।

রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন হুমায়ুন কবির। বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য জাপান ও নিপ্পন ফাউন্ডেশনের মানবিক সহায়তার প্রশংসা করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদার সঙ্গে ফেরানোর পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। রাখাইন রাজ্যে এমন পরিস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে প্রত্যাবাসনের পর রোহিঙ্গাদের আবারও বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা না থাকে।

বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া বাংলাদেশ ও নিপ্পন ফাউন্ডেশনের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি জানান, পাঁচ দশকেরও বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সহযোগিতা চলে আসছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার মধ্য দিয়ে এ সহযোগিতার সূচনা হয়।

সাসাকাওয়া বলেন, এরপর থেকে বাংলাদেশের উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগে নিপ্পন ফাউন্ডেশন সহযোগিতা করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায়ও সংস্থাটি বিশেষ গুরুত্ব দিয়েছে।

এ সময় বাংলাদেশে কুষ্ঠরোগীদের সহায়তায় কাজ করার আগ্রহের কথাও জানান নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি বলেন, চার দশকেরও বেশি সময় ধরে কুষ্ঠরোগ নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওগুলোর সঙ্গে কাজ করে আসছেন তারা। বাংলাদেশেও এ কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী নিপ্পন ফাউন্ডেশন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ