প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এ ঘটনায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ও যথোপযুক্ত পদক্ষেপ নিচ্ছে।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
খলিলুর রহমান বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আজ দিনের শেষ নাগাদ এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।”
জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
তবে কূটনৈতিক মাধ্যমে আগাম অবহিত করার পরও বিমানবন্দরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরবর্তীতে ভারতের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে তার প্রবেশের অনুমতি মিললেও তিনি দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি ঢাকায় ফিরে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জাহেদ উর রহমানের সফর ও আইওআরএ বৈঠকে অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবারই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল।
ঘটনাটি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে এবং বাংলাদেশ সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মতামত দিন