বিরোধীদলীয় নেতার চিঠি নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্রমন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার একটি চিঠি ঘিরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১১ মার্চ) এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি ড. মোহাম্মদ মাহমুদুল হাসান, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে, বিরোধীদলীয় নেতার পক্ষে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি ই-মেইলে পাঠান। পরে তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও হস্তান্তর করেন।
জাতীয় সংসদের প্যাডে লেখা ওই চিঠিতে ড. হাসানকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা’ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগের সুপারিশ করা হয়। চিঠিতে তার দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা ও বিচক্ষণতার কথা উল্লেখ করে দেশের ‘পররাষ্ট্রনীতি এগিয়ে নিতে’ তাকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়। এতে কেবল বিরোধীদলীয় নেতার স্বাক্ষর রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিরোধীদলীয় নেতা লিখিত সম্মতি দিলে চিঠিটির পূর্ণ পাঠ জনসমক্ষে প্রকাশ করা হবে।
এদিকে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বিষয়টি নিয়ে জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়েছিল এবং চিঠির বিষয়ে আমিরে জামায়াত অবগত ছিলেন না বলে জানানো হয়।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনো ফোনালাপ ঘটেনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে