পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যু
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার (৫৪) আর নেই। বুধবার বিকেলে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ার ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি থাইল্যান্ডের ব্যাংকক, ইতালির রোম, যুক্তরাজ্যের ম্যানচেস্টার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান এবং অসংখ্য সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং পররাষ্ট্রসচিব গভীর শোক প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মতামত দিন