Views Bangladesh Logo

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: আইন উপদেষ্টা

বিজয়ী সংসদ সদস্যদের শপথ আগামী মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। আইন উপদেষ্টা বলেন, এটি ছিল বিদায়ী বৈঠক; সেখানে গুরুত্বপূর্ণ কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মূলত নিজেদের দায়িত্বকালীন কাজ ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে এবং শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

তিনি জানান, সংসদ সদস্যদের শপথ সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার পড়াবেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পর বেলা সাড়ে ১১টা বা ১২টার দিকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হতে পারে।

বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। তার জানা মতে, এ শপথ রাষ্ট্রপতি পড়াবেন। দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজনের বিষয়টি বিএনপির পক্ষ থেকেই প্রস্তাব করা হয়েছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা।

আমন্ত্রিত অতিথিদের বিষয়ে তিনি বলেন, প্রচলিত রীতি অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানোর কথা, তা-ই করা হচ্ছে এবং বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।

ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এ বিষয়ে তার নির্দিষ্ট তথ্য নেই। তবে তিনি জেনেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কোনো দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ