জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে সমর্থন চাইতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) তারা আংকারার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. খলিলুর রহমান।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, মূলত জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণা চালানোই এই সফরের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
আগামী ১৪ মার্চ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফর শেষে ১৬ মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রতিনিধি দলের।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই খলিলুর রহমানের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার অংশ। এর আগে তিনি সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর জরুরি বৈঠকে অংশ নেন।
পরে লন্ডনে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকেও যোগ দেন। ওই সফরগুলোতেও তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে