চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব
বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে চলতি মাসের শেষ দিকে বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রবিবার (৫ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই সফরের বিস্তারিত নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং উচ্চপর্যায়ের সফরের প্রাথমিক আলোচ্যসূচি চূড়ান্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিং সফরের সময় ড. খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশে চলমান চীনা প্রকল্প এবং ভবিষ্যতে সম্ভাব্য নতুন অংশীদারিত্ব নিয়েও আলাপ হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সফরের প্রস্তুতি চলছে এবং চলতি মাসের শেষ দিকেই এটি সম্পন্ন হবে। তবে এখনো সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি; দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুতই দিনক্ষণ নির্ধারণ করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে