বুধবার রাতে ব্রাসেলসে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
তৃতীয়বারের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগে আয়োজিত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার (৩১ জানুয়ারি) রাতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশে রওনা দেবেন তিনি।
আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওই বৈঠকের উদ্বোধনী অধিবেশন, তিনটি গোলটেবিল বৈঠক এবং সমাপনী অধিবেশন অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১১ জানুয়ারি গঠিত নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটি তার দ্বিতীয় বিদেশ সফর এবং প্রথম ইউরোপ যাত্রা। এ সফরে ইইউর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সহনশীলতার বিষয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। এর পাশাপাশি এই অঞ্চলে অর্থনৈতিক সমন্বয়ের বিষয়টিও তাদের সামনে আনতে পারেন তিনি।
এ ছাড়াও উক্ত বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন হাছান মাহমুদ। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের নতুন মেয়াদে ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেবেন তিনি।
মন্ত্রীর দপ্তর সূত্র জানায়, এরমধ্যেই মন্ত্রীর বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকের অ্যাপয়েনমেন্ট চূড়ান্ত হয়েছে। ১লা ফেব্রুয়ারি ব্রাসেলসে পৌঁছানোর আগে-পরে পাইপ লাইনে থাকা বাকি অ্যাপয়েনমেন্টগুলোও ঠিক হবে।
ইইউর ওয়েবসাইটে প্রচারিত তথ্য অনুযায়ী জানা গেছে, বৈঠকে সভাপতিত্ব করবেন ইউরোপের ২৭ দেশের জোটের পররাষ্ট্র এবং নিরাপত্তাবিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল। তার সভাপতিত্বে দিনব্যাপী ওই বৈঠকে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতি এবং নিরাপত্তার চ্যালেঞ্জ, অভিন্ন সমৃদ্ধি, অর্থনৈতিক সহনশীলতা ও বিনিয়োগ এবং পরিবেশবান্ধব ও জ্বালানি রূপান্তর জোরদার-এসব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে