মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে দেশটির সরকারের বিশেষ অতিথি হিসেবে সফর করায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান প্রেসিডেন্ট মুইজ্জু। এ সফরের জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বহুপক্ষীয় সহযোগিতা, শিক্ষা খাতে অংশীদারত্ব বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
মতামত দিন