তিন দিনের সফরে আজ বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) তিনি বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে আসছেন। তিনি ৫ মে থেকে ৭ মে পর্যন্ত চীন সফর করবেন।
সফরকালে আগামী ৬ মে চীনা পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ওয়াং ই’র সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, এই বৈঠকে দুই দেশের দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।
বৈঠকের আলোচ্যসূচিতে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, জ্বালানি সংকট মোকাবিলা, চলমান উন্নয়ন প্রকল্প এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া পানি ব্যবস্থাপনায় সহযোগিতা, প্রতিরক্ষা সহায়তা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে চীনের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে বলেও জানা গেছে। একই দিনে ড. খলিলুর রহমান চীনের উন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং দেশটির কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গেও তার আলোচনার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারা কুনমিং হয়ে বেইজিং পৌঁছাবেন এবং সেখানে ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি শেষে আগামী ৭ মে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে