দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি, আগামী ১৯ আগস্ট রাতে দেশে ফেরার কথা রয়েছে তার। এ সফরে জ্বালানি সরবরাহ, বাণিজ্য ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছে একটি বিশাল ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, যা সফরের গুরুত্ব স্পষ্ট করে দেয়। প্রতিনিধিদলে আছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির।
সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন ড. খলিলুর রহমান। এই বৈঠকে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কল্যাণসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত দিন