Views Bangladesh Logo

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টা ৫১ মিনিটে তাকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবারই যেকোনো সময় ঢাকায় তিনি জাতিসংঘে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বৈশ্বিক ফোরামে নিজের নতুন ভূমিকা নিয়ে গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করতে পারেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। এ নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে ৯৯টি দেশের সমর্থন লাভ করেন ড. খলিলুর রহমান।

তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়ে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের জন্যও এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। প্রায় চার দশক পর আবারও বাংলাদেশের একজন প্রতিনিধি এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ