দুই দায়িত্ব একসঙ্গে পালনের ইঙ্গিত, হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরে নিজের দায়িত্ব পালন নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ তুলে ধরেন।
বৃহস্পতিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়া দেশের কূটনৈতিক সাফল্য এবং সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।
দুই পদে দায়িত্ব পালনের বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, আজ থেকে প্রায় ৪০ বছর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তখন আমি তার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছি। তিনি একই সময়ে দুটি দায়িত্বই পূর্ণকালীনভাবে পালন করেছিলেন।
তিনি বলেন, সেই সময়ে ইন্টারনেট বা আধুনিক যোগাযোগব্যবস্থা ছিল না। এখন প্রযুক্তির উন্নয়নের কারণে দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকরভাবে করা সম্ভব।
একসঙ্গে দুই পদে বহাল থাকবেন কি না—এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বর্তমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির উদাহরণও তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সভাপতি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি গ্রিন পার্টির নেতা ছিলেন। নির্বাচনে তার দল পরাজিত হওয়ায় তিনি আর মন্ত্রী হিসেবে দায়িত্বে থাকতে পারেননি।
তবে নিজের দায়িত্ব ছাড়ার বিষয়ে সরাসরি কোনো ঘোষণা দেননি ড. খলিলুর রহমান। তার বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের পরও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়ে নতুন কূটনৈতিক মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। এই পদে নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে