Views Bangladesh Logo

দুই মাসে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে প্রায় ৭০ কোটি ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। জুলাই ও আগস্টে দেশটি মোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার ঋণ শোধ করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) রোববার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার বা প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই-আগস্টে পরিশোধ করা অর্থের বড় অংশ গেছে মূল ঋণের কিস্তি পরিশোধে। এ খাতে বাংলাদেশ দিয়েছে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা।

অন্যদিকে, বিদেশি ঋণের সুদ বাবদ প্রথম দুই মাসে পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।

এদিকে, ঋণ পরিশোধের বিপরীতে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশ যে পরিমাণ ঋণ পেয়েছে, তা তুলনামূলকভাবে কম। জুলাই ও আগস্টে বিভিন্ন প্রকল্পের জন্য বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার।

একই সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের বিদেশি ঋণের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে নতুন ঋণ প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে নতুন ঋণ প্রতিশ্রুতিও সামান্য কমেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ