রাজশাহীর সীমান্তে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার
রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বাঘা থানার রাওথা সীমান্ত এলাকায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মোটরসাইকেলসহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল নদীপথে আসা অস্ত্রের চালান ধরতে রাওথা–পিরোজপুর এলাকায় অবস্থান নেয়। ভোরে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলে করে আসলে তাকে থামানোর চেষ্টা করা হয়। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচের কাভারের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এর আগে গত ১৭ জানুয়ারি কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একই ধরনের দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ ইউনিট, পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফটসহ মোট ৭০০ সদস্য মোতায়ন রয়েছে। দায়িত্বপূর্ণ তিনটি সীমান্তবর্তী উপজেলায় মোট ৬৪টি ভোটকেন্দ্র রয়েছে বলে জানান তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে