Views Bangladesh Logo

ব্যাংকের পাচার করা টাকার সন্ধানে বিদেশি নিরীক্ষক নিয়োগ করা হয়েছে: গভর্নর

 VB  Desk

ভিবি ডেস্ক

শেখ হাসিনা আমলে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার পাচার হওয়ার ঘটনা তদন্ত করতে বিশ্বের তিনটি বড় নিরীক্ষা সংস্থাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর।

রবিবার (২৬ জানুয়ারি) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তিনটি ‘বিগ ফোর’ হিসাবরক্ষণ প্রতিষ্ঠান—ইওয়াই (EY), ডেলয়েট (Deloitte) এবং কেপিএমজি (KPMG) নিয়োগ করেছে। এই সংস্থাগুলো ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন মার্কিন ডলার পাচার হওয়ার ঘটনা তদন্ত করবে।

সাক্ষাৎকারে আহসান মনসুর জানান, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ১১টি যৌথ তদন্ত দল গঠন করেছে, যারা ব্যাংক থেকে পাচারকৃত তহবিল দিয়ে কেনা সম্পদ খুঁজে বের করবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সাহায্য করবে।

এ বিষয়ে ইওয়াই এবং ডেলয়েটের মন্তব্য জানতে যোগাযোগ করেছিল পত্রিকাটি। তবে তারা নিয়মিত কাজের সময়ের বাইরে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। কেপিএমজির ওয়েবসাইটের মাধ্যমে তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি ফিন্যান্সিয়াল টাইমস।

ফিন্যান্সিয়াল টাইমসকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, এই তদন্তে ১০টি শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আরও জানান, গত ১৫ বছরে হাসিনা ও তার আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে প্রায় ২ ট্রিলিয়ন টাকা (১৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার) লোপাট করা হয়েছে বলে তার ধারণা। তিনি এই অর্থ উদ্ধার প্রক্রিয়া শুরু করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ