দীর্ঘ ৮ বছর পর ফের ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট
দীর্ঘ ৮ বছর পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টা ৫৫ মিনিটে ওমানের সালামএয়ারের ফ্লাইট ১৩৩ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এসময় ‘ওয়াটার ক্যানন স্যালুট’ প্রদান করে স্বাগত জানায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
আনুষ্ঠানিকতা শেষে সালামএয়ারের ফিরতি ফ্লাইট সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে সিলেট ছেড়ে যায় বলে জানান ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ।
এরআগে ২০১৫ সালের ১ এপ্রিল প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে দুবাইভিত্তিক ফ্লাই দুবাই ওসমানীতে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে এয়ারলাইন্সটি তাদের ফ্লাইট বন্ধ করে দেয়।
সালামএয়ারের সিলেট এরিয়া ম্যানেজার সেলিম আল রাজী জানিয়েছেন, শুরুতে মাস্কাট–সিলেট রুটে সপ্তাহে তিন দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী মাসে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচ দিন করার পরিকল্পনা রয়েছে।
এদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চালু উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সালামএয়ার।
এতে ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
মতামত দিন