পর্তুগালের গ্লোবাল ফোরামে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর পর্তুগালের ক্যাসকাইস শহরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সভ্যতাসংঘের ১০ম গ্লোবাল ফোরামে যোগ দেবেন। তিনি রবিবার লিসবনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এবারের ফোরামের মূল প্রতিপাদ্য হলো, ‘শান্তিতে ঐক্য: বিশ্বাস পুনর্গঠন ও ভবিষ্যৎ পুনর্গঠন- মানবতার জন্য দুই দশকের সংলাপ।’
এই ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক শান্তি ও মানবতার প্রতি দেশের প্রতিশ্রুতি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত। বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ধর্মীয় নেতা, যুব প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত থাকবেন। এতে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং ঐক্যবদ্ধ ভবিষ্যৎ গঠনের বিষয়ে আলোচনা হবে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সুসা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন। সভায় জাতিসংঘ সভ্যতাসংঘের বিগত দুই দশকের সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হবে এবং ভবিষ্যতের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
২০০৪ সালে স্পেনের প্রস্তাবে জাতিসংঘ সভ্যতাসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। গত দুই দশকে এটি জাতিসংঘ কাঠামোর অধীনে একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকর সংস্থা হিসেবে বিকশিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ তার আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার সক্রিয় ভূমিকা তুলে ধরতে পারবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে