কমনওয়েলথ সম্মেলন
গণতান্ত্রিক সংস্কারে তরুণদের ভূমিকার ওপর পররাষ্ট্র উপদেষ্টার গুরুত্বারোপ
বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার প্রচেষ্টায় তরুণদের ভূমিকা তুলে ধরে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ১ দশমিক ৫ বিলিয়ন যুবকের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
২১-২৬ অক্টোবর সামোয়ার আপিয়াতে অনুষ্ঠিত ২৭তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে তিনি এ আহ্বান জানান বলে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের পক্ষে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া তৌহিদ জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার জন্যও কমনওয়েলথ নেতাদের প্রতি আহ্বান জানান।
কমনওয়েলথের প্রধান ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় ২৫ অক্টোবর ‘একটি স্থিতিশীল কমন ভবিষ্যৎ: আমাদের সাধারণ সম্পদ রূপান্তর’ প্রতিপাদ্যে এই সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশি পররাষ্ট্র উপদেষ্টা ২৫ অক্টোবর অনুষ্ঠিত কার্যনির্বাহী অধিবেশনেও অংশগ্রহণ করেন এবং ২৬ অক্টোবর সরকারপ্রধানদের অবকাশকালীন আলোচনায় বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে বিশ্ব অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তা চ্যালেঞ্জ এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও সহযোগিতা শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়াও তিনি বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন, যার মধ্যে ব্রিটেনের মহামান্য রাজা কর্তৃক সরকারপ্রধানদের সম্মানে আয়োজিত নৈশভোজেও ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে