Views Bangladesh Logo

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য ‘সিস্টেমকে’ দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না পাওয়ার দায় পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিজের বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, বরং পুরো দেশের ‘সিস্টেমের’ ওপর বর্তায়—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে এই দায় স্বীকার করতে আমি রাজি নই। এটা দেশের দায়, পুরো সিস্টেমের দায়। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না, ব্যক্তিগতভাবে আমারও না।’

নিজের বক্তব্যের ব্যাখ্যায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পৃথিবীজুড়ে সুযোগের কোনো অভাব নেই। কিন্তু নিজেদের দোষেই আমরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারছি না। ভিসা না দেওয়ার জন্য আমরা পুরোপুরি দায়ী। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, জালিয়াতিতে আমরা একেবারে সেরা। আপনি যখন জালিয়াতি করবেন, তখন আপনার কাগজপত্র কেন কেউ বিশ্বাস করবে?

তিনি বলেন, ভিসা হোক কিংবা বিদেশে ভর্তি—সবকিছুই কাগজপত্রের ওপর নির্ভরশীল। কাগজ দেখে বিশ্বাসযোগ্যতা তৈরি করার দায়িত্ব আমাদেরই। অথচ দেখা যায়, কোনো নারী বিদেশে গৃহকর্মীর চাকরিতে যাচ্ছেন, কিন্তু তার ভিসায় লেখা আছে ‘ফ্রন্ট অফিস ম্যানেজার’। এতে বোঝা যায়, আমরা কী পরিমাণ ধোঁকাবাজি করেছি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যতক্ষণ না আমরা নিজেদের ঘর গোছাতে পারছি, ততক্ষণ এই সমস্যার সমাধান হবে না। বরং সামনে আরও কঠিন সময় আসতে পারে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। আমরা তাদের সঙ্গে একটি ভালো ওয়ার্কিং রিলেশন চেয়েছিলাম। তবে সেটি পুরোপুরি সফল হয়েছে—এমন দাবি তিনি করতে পারেন না।

তিনি বলেন, বর্তমানে দুই দেশের সম্পর্ক অনেকটাই স্থবির। কাউকে দোষারোপ করতে চান না উল্লেখ করে তিনি বলেন, ভারত তাদের স্বার্থ দেখেছে, আমরাও আমাদের স্বার্থ দেখেছি। দুই পক্ষের স্বার্থের ধারণায় পার্থক্য থাকায় অনেক ক্ষেত্রেই এগোনো সম্ভব হয়নি।

অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক খুব মসৃণ ছিল না—এ কথা স্বীকার করে নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, পরবর্তী সরকার এই সম্পর্ককে আরও মসৃণ ও কার্যকর করবে।

অন্তর্বর্তী সরকার বিদায়ের আগে বিভিন্ন দেশের সঙ্গে যেসব চুক্তি সই করছে, সেগুলো পরবর্তী সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি উল্টোটা মনে করেন।

তার ভাষায়, ‘আমরা অনেক ইস্যু এগিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা সহজ হয়।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ