স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে: পলক
আগামী পাঁচ বছরে নির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরিতে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয় ও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি । দেশে উৎপাদিত, সংযোজিত এবং আমদানিকৃত মোবাইল হ্যান্ডসেটের ডেটাবেজ এবং স্বয়ংক্রিয় নিবন্ধনের ব্যবস্থা বিটিআরসিতে রয়েছে উল্লেখ করে নিবন্ধনবিহীন সকল মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটকালে রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় একটা সাধারণ প্রযুক্তিভিত্তিক সমাধান দেশকে বিভিন্নভাবে লাভবান করতে পারে। ‘পরিচয়’ ভেরিফিকেশন অথেনটিকেশন সার্ভিসের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই সেবাকে আরো সহজলভ্য করতে প্রতিটি ডেটাবেজকে একটির সাথে আরেকটির ইন্টারঅপারেবল করা দরকার।‘
বৈঠকে বিটিআরসি'র চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিটিআরসি টেলিযোগাযোগ সেবার মানোন্নয়ন, রাজস্ব আয় বৃদ্ধি, এবং আইনের মধ্য থেকে টেলিযোগাযোগ খাতের অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছে।’ আধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে সাশ্রয়ী ও মানসম্পন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানে বিটিআরসি কার্যক্রম গ্রহণ করবে বলেও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে