প্রাথমিকের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেটসহ ৭ ক্রীড়া ইভেন্ট
প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও সাঁতার—এই সাতটি ক্রীড়া ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো দুটি পৃথক চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়।
চিঠিতে বলা হয়, সারা দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় গঠিত কমিটির প্রথম সভা গত ১৪ মার্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উল্লেখিত সাতটি ক্রীড়া ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়।
এর প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবনা অনুযায়ী এসব ক্রীড়া ইভেন্ট শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এনসিটিবিকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে