চবি রেলস্টেশনে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ফুড কার্ট কর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলওয়ে স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ফুড কার্ট কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। পরে ভুক্তভোগীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ঘটনাটি মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে ঘটে।
অভিযুক্ত মো. শাহিন শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয় স্টেশনে অবস্থিত ‘কার্গো ক্যাফে’ ফুড কার্টে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রী বিকেল ৪টা ৪০ মিনিটের চট্টগ্রামগামী শাটল ট্রেনে উঠছিলেন। এ সময় অভিযুক্ত তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করেন এবং যৌন হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি দেখে উপস্থিত শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে শাহিন শেখকে আটক করেন। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত ও ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যান।
সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসাইন শহীদ সোহরাওয়ার্দী ও সহকারী প্রক্টরদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। ভুক্তভোগীর সম্মতিতে রাত প্রায় ১০টার দিকে অভিযুক্তকে চট্টগ্রাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। পরে ওই ছাত্রী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসাইন শহীদ সোহরাওয়ার্দী বলেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের সঙ্গে আলোচনা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, ঘটনার পরপরই মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।
মতামত দিন