লোকসংগীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে
লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
মামলার তথ্য অনুযায়ী, ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ২০২২ সালে মাগুরার আদালতে শিল্পীর বিরুদ্ধে মামলা করেন ইদ্রিস আলী বিশ্বাস। পরে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন।
রায় ঘোষণার পর তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওই পরোয়ানার ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ মুজিব পরদেশীকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করলে পুলিশ কারাগারে আটক রাখার আবেদন জানায়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, শুনানির সময় মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করে বলেন, মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাই তাকে জামিন দিলে বাদী ক্ষতিগ্রস্ত হতে পারেন।
মুজিব পরদেশীর আসল নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে বাংলা লোকগীতি পরিবেশনার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
মতামত দিন