Views Bangladesh Logo

লোকসংগীতশিল্পী কামরুদ্দিন আবসার মারা গেছেন

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন খ্যাতিমান লোক ও প্রতিবাদী সংগীতশিল্পী, গীতিকার এবং সংগীত শিক্ষক কামরুদ্দিন আবসার।

শনিবার (৩১ মে) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বিসিএসএস হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার জানায়, সোমবার সকালে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

কামরুদ্দিন আবসার দীর্ঘদিন ধরে প্রগতিশীল সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ লেখক শিবিরসহ বিভিন্ন সংগঠনে সক্রিয় ছিলেন। পাশাপাশি গণসংস্কৃতি ফ্রন্টের সংগঠক হিসেবে কাজ করেছেন এবং লোকসংগীত দল ‘সৃজন’-এর সঙ্গেও যুক্ত ছিলেন।

তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের আবহ নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে প্রতিবাদী লোকসংগীতের গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে স্মরণ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ