ওআইসির বৈঠকে যোগ দিতে সৌদি আরব গেলেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি রওনা দেন। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বিদেশ সফর।
সফরকালে তিনি জেদ্দায় অনুষ্ঠেয় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক আয়োজন করা হয়েছে। বৈঠকে ইসরাইলি দখলদার কর্তৃপক্ষের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা হবে। এসব সিদ্ধান্ত বসতি সম্প্রসারণ, সংযুক্তকরণ এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে উৎসাহিত করছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।
ওআইসি জানিয়েছে, জরুরি অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয় করা হবে এবং ইসরাইলের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
সম্প্রতি ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের কিছু জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা করে সেখানে বসতি স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। এই পদক্ষেপকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত, রাজনৈতিক ও জনসংখ্যাগত অবস্থান পরিবর্তনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, এতে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে