Views Bangladesh Logo

তিন দিনের সফরে মস্কো গেলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করতে তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

রোববার (৭ জুন) সকালে তিনি মস্কোর উদ্দেশে রওনা হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সফরসঙ্গী হিসেবে রয়েছেন। সফর শেষে আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। বৈঠকে ঢাকা-মস্কো সম্পর্কের বিভিন্ন দিক, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার প্রথম রাশিয়া সফর।

এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গঠনমূলক এবং ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই ৭ থেকে ৯ জুন খলিলুর রহমানের এই সফরের আয়োজন করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনকে সামনে রেখে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও আলোচনা হবে। পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতা, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, জাতিসংঘ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি এবং বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে আলোচনায়।

বিবৃতিতে খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ ও বাস্তববাদী কূটনীতিক হিসেবে উল্লেখ করে বলা হয়, আন্তর্জাতিক প্রক্রিয়া ও বহুপাক্ষিক কূটনীতি সম্পর্কে তার গভীর জ্ঞান বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাশিয়া জাতিসংঘের সমন্বয়মূলক ভূমিকা শক্তিশালী করার উদ্যোগকেও স্বাগত জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ