Views Bangladesh Logo

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে বৃহস্পতিবার একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সৌদি আরব, তুরস্ক ও গাম্বিয়ার মন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. আলখারেইজি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজি।

বৈঠকগুলোতে নতুন সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান সংশ্লিষ্ট নেতারা। তারা পারস্পরিক সহযোগিতা জোরদার করে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রীরা ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের প্রশংসা করেন। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান।

সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. আলখারেইজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি পররাষ্ট্রমন্ত্রীকেও রিয়াদ সফরের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচি বাংলাদেশের জন্য বিভিন্ন খাতে নতুন সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ তৈরি করেছে। জবাবে ড. খলিলুর রহমান সৌদি বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে তা বাস্তবায়নে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হন।

তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের জন্য তুরস্কের সহায়তার প্রশংসা করেন এবং সংকটের দ্রুত সমাধানে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হন। তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে রমজানের পর বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্রও হস্তান্তর করেন।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান ড. খলিলুর রহমান। বিশেষ করে, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত-এ দায়ের করা মামলায় গাম্বিয়ার উদ্যোগের কথা তিনি উল্লেখ করেন।

রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে গাম্বিয়ার প্রচেষ্টায় বাংলাদেশ সমর্থন অব্যাহত রাখবে বলে জানান তিনি। আগামী এপ্রিলে বাগদাদে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের বিষয়েও উভয় দেশ সম্মত হয়েছে। এনজি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন জানিয়ে এ বিষয়ে অন্যান্য আফ্রিকান দেশের সঙ্গে কাজ করার প্রস্তাব দেন।

বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ