Views Bangladesh Logo

দ্রব্যমূল্য বৃদ্ধির দুঃসংবাদ দিলেন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব বাংলাদেশেও পড়বে। তিনি উল্লেখ করেছেন, দেশের জ্বালানি সংকট এমন পরিস্থিতি তৈরি করেছে, যা “মরার উপর খাড়ার ঘাঁয়ের মতো”।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালার পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, জ্বালানি সংকট শুধু বিদ্যুৎ ও গ্যাসের ওপর নয়, পুরো খাদ্য ও পণ্যের সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব ফেলছে। ফলশ্রুতিতে দ্রব্যমূল্য আগামী দিনে বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

অর্থমন্ত্রী আরও জানান, এটি কোনো একক দেশের সমস্যা নয়। যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে, শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে এখনও দাম বাড়ানো হয়নি, তবে কতদিন তা স্থির রাখা সম্ভব, তা বলা যাচ্ছে না।

তিনি সতর্ক করেছেন, সরকার জনগণের ওপর চাপ কম রাখতে চেষ্টা করছে, কিন্তু সরকারি তহবিল ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়বে। তাই এই বিষয়ে বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এলডিসি গ্রাজুয়েশন প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, সরকার ধাপে ধাপে প্রস্তুতি গ্রহণ করছে। সব কাজ সম্পন্ন হলে দেশ গ্রাজুয়েশনের জন্য প্রস্তুত হবে এবং তখন জেনারেল অ্যাসেম্বলিতে উপস্থাপন করা হবে। তবে এখনও সেই পর্যায়ে পৌঁছানো যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ