কমনওয়েলথ বৈঠকে যোগ দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর
লন্ডনে কমনওয়েলথের ২৬তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান।
রোববার (৮ মার্চ) লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বৈশ্বিক চ্যালেঞ্জ এবং চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।
বৈঠকে বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার অবক্ষয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও নীতিমালার সামনে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রীরা।
এছাড়া উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথের ভূমিকা এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সমৃদ্ধির সুযোগ তৈরিতে সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম)-এর এজেন্ডা ও নীতিগত অগ্রাধিকার নির্ধারণ করা হয়।
বৈঠকের ফাঁকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, ২০২৬–২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের জন্য লন্ডনের এই বৈঠককে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে ঢাকা।
এই পদে বাংলাদেশের প্রার্থী হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান। ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করায় এখন বাংলাদেশকে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে আগামী ২ জুন ইউএনজিএ সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সর্বশেষ ১৯৮৬–৮৭ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে কমনওয়েলথের ২৬তম পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের মধ্য দিয়ে কমনওয়েলথ দিবসের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সোমবার ৫৬ সদস্যের এই সংস্থাজুড়ে দিনটি উদযাপন করা হয়।
আগামী ১২ মার্চ দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ প্রতিনিধিদলের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে