কাপ্তাই হ্রদে ভাসলো বিজুর ফুল
রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ভেসে উঠেছে বিজুর ফুল। বাংলা নববর্ষ ও বর্ষবিদায় উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ঐতিহ্যবাহী উৎসবের অংশ হিসেবে এই ফুল ভাসানোর আয়োজন করেন।
রোববার সকালে শহরের রাজবাড়ি, গর্জনতলী, কেরানীপাহাড়সহ বিভিন্ন পাড়া ও ঘাটে ঘাটে উৎসবমুখর পরিবেশে মানুষ কাপ্তাই হ্রদের তীরে জড়ো হন। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নানা বয়সী মানুষ ফুল হাতে নিয়ে হ্রদের জলে ভাসাতে শুরু করেন।
পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠী বিজু, বিহু, বৈসুক, সাংগ্রাই, চাংক্রানসহ নানা নামে বর্ষবরণ ও বর্ষবিদায়ের এই উৎসব পালন করে থাকে। স্থানীয়ভাবে এটি ‘ফুল বিজু’ নামে বেশি পরিচিত।
উৎসবে নারীরা রঙিন পিনোন ও হাদি পরিধান করেন, আর পুরুষরা ধুতি, পাঞ্জাবি ও ফতুয়া পরে অংশ নেন। সকাল থেকেই কাপ্তাই হ্রদের ঘাটগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
প্রথা অনুযায়ী ২৯ চৈত্রের ভোরে ‘মা গঙ্গা’র উদ্দেশে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে বর্ষবিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে