Views Bangladesh Logo

বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের দেখার হাওরে

সুনামগঞ্জের দেখার হাওর ফসলরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় বোরো ধান রক্ষায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার ভোরে হাওরের দুর্গম এলাকায় গুজাউনি ফসলরক্ষা বাঁধটি ভেঙে যায়। এরপর থেকেই আশপাশের শত শত কৃষক বাঁধ মেরামতে নেমে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করলে পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় জনপ্রতিনিধিরাও কৃষকদের সঙ্গে মেরামতের কাজে অংশ নেন।

কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই হাওরে মোট ৪৫ হাজার ৮৫৯ হেক্টর জমি রয়েছে, যার মধ্যে ২৫ হাজার হেক্টরের বেশি জমিতে বোরো ধান আবাদ হয়েছে। সদর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার কৃষকরা এই অঞ্চলে ধান চাষ করেন।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, বড়দই জলমহাল সংলগ্ন কৈমারা নদীর বাঁধ মাছ আহরণের সময় ইজারাদাররা কেটে ফেলেছিল। পরে যথাযথভাবে বাঁধ পুনরায় সংস্কার না করায় টানা বৃষ্টি ও পানির চাপে দুর্বল হয়ে এটি ভেঙে যায়।

কৃষক শহিদ মিয়া বলেন, বাঁধটি দুর্বল হয়ে পড়লেও বিষয়টি বারবার প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছিল, তবে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।

বাঁধ ভেঙে যাওয়ার পর কৃষকরা কোদাল, বাঁশ, বস্তা নিয়ে দ্রুত মেরামতের কাজে নেমে পড়েন, যাতে পানি আরও ভেতরে প্রবেশ করতে না পারে। পরে পাউবো কর্মকর্তারাও সেখানে উপস্থিত হয়ে সহায়তা দেন।

এ বিষয়ে পাউবো সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বাঁধ রক্ষায় বস্তা ও বাঁশ সরবরাহ করা হয়েছে এবং কৃষকদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। তিনি দাবি করেন, বর্তমানে পানি নিয়ন্ত্রণে এসেছে এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম।

তবে কৃষকদের আশঙ্কা, দ্রুত ও কার্যকরভাবে বাঁধ মেরামত না করা গেলে চলতি মৌসুমের বোরো ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ