চট্টগ্রাম অঞ্চলে বন্যায় মারা গেছে দেড় লাখের বেশি গবাদিপশু
সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলের প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে গবাদিপশু ও হাঁস-মুরগি মিলিয়ে মারা গেছে ১ লাখ ৬১ হাজার ৩৯৪টি প্রাণী। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম জেলায়।
বন্যা-পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার ৪৫টি উপজেলার ১৯১টি ইউনিয়নে মোট ক্ষতির পরিমাণ ৭৭ কোটি ১৫ লাখ ২ হাজার ২৪০ টাকা। এর মধ্যে শুধু চট্টগ্রাম জেলাতেই ক্ষতি হয়েছে ৬০ কোটি ৬ লাখ ৮১ হাজার ১৪০ টাকা। এছাড়া কক্সবাজারে ১৩ কোটি ৫৩ লাখ ৯১ হাজার ১১০ টাকা, রাঙামাটিতে ২ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা, খাগড়াছড়িতে ৩৭ লাখ ১ হাজার টাকা এবং বান্দরবানে ১৭ লাখ ৪৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক (ভেটেরিনারি পাবলিক হেলথ) ডা. মুহাম্মদ ইজমাল হাসান বলেন, বন্যার পর মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে ক্ষয়ক্ষতির এ হিসাব প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হাজার ৯৯১টি খামার। এর মধ্যে ৪ হাজার ৭৫৬টি গবাদিপশুর খামারে ১৭ কোটি ৫৫ লাখ ৭২ হাজার টাকা এবং ৬ হাজার ২৩৫টি হাঁস-মুরগির খামারে ১৯ কোটি ৭২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া ৯১০ টন দানাদার পশুখাদ্য, ১৪ হাজার ২৬৫ টন খড় এবং ৯ হাজার ১২৯ টন ঘাস নষ্ট হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।
বন্যায় মারা গেছে ৭১টি গরু, ১৬৫টি ছাগল, ৫০টি ভেড়া, ১ লাখ ৫৮ হাজার ৬০০টি মুরগি এবং ২ হাজার ৫০৮টি হাঁস।
এদিকে পাঁচ জেলায় বন্যার কারণে ২ লাখ ২৩ হাজার ৩৯০টি গরু, ৪ হাজার ৭৫৫টি মহিষ, ১ লাখ ৬০ হাজার ৮৭টি ভেড়া, ২৮ লাখ ৪৫ হাজার ৮২৮টি মুরগি এবং ৭০ হাজার ৩৭০টি হাঁস অসুস্থ হয়ে পড়েছে। প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে এসব প্রাণীর চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।
মতামত দিন