চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ও বৈরী আবহাওয়ার কারণে বুধবারের (৮ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জরুরি এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর জেলা প্রশাসকদের (ডিসি) দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় জেলা প্রশাসকরা প্রতিবেদনে ওই অঞ্চলের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং আবহাওয়াগত ঝুঁকির কথা উল্লেখ করেন।
পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত চট্টগ্রাম বোর্ডের আওতাধীন পাঁচ জেলার (চট্টগ্রাম মহানগর, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে সাধারণ এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার রাতে প্রাথমিকভাবে শুধুমাত্র চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে পুরো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২ জুলাই থেকে সারাদেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী।
মতামত দিন