Views Bangladesh Logo

সাত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ, মৃত বেড়ে ৫১

ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ১০ লাখ ২২ হাজার ৯৬৩ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ দুর্যোগে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩৯ জন।

রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় মোট ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৪৪ হাজার ৪৫৭ জন আশ্রয় নিয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম। জেলার ১৬টি উপজেলা এবং ১৫২টি ইউনিয়ন ও পৌরসভা বন্যাকবলিত হয়েছে। সেখানে ১ লাখ ৪৮ হাজার ৫০০ পরিবার পানিবন্দি এবং প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১২ জন। আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ২১ হাজার ৯০০ মানুষ।

কক্সবাজারে মৃতের সংখ্যা ২৮, যার মধ্যে ১৩ জন রোহিঙ্গা। জেলায় আহত হয়েছেন ২৪ জন এবং একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া বান্দরবানে ছয়জন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজার ও হবিগঞ্জে একজন করে মারা গেছেন।

ক্ষতিগ্রস্ত সাত জেলার জন্য সরকার ২ কোটি ৮৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। পাশাপাশি দেশের ৬৪ জেলার মানবিক সহায়তার জন্য আরও ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ