মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যা, আরও ৩ জেলা ঝুঁকিতে
টানা ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। এতে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এছাড়া সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ বন্যার ঝুঁকিতে রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চলমান বৃষ্টিপাত আগামী কয়েক দিন অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। একইভাবে কংস নদ জারিয়াজঞ্জাইল পয়েন্টে ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে মৌলভীবাজারের মনু নদ বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে এবং নেত্রকোনার মগরা নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া জেলাগুলোর আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থানে রয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এদিকে খোয়াই, সুতাং ও জুড়ি নদীসহ একাধিক নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর এলাকায় আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এতে সুরমা–কুশিয়ারা, মনু–খোয়াই এবং ধনু–বাউলাই অববাহিকার নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় আরও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে বৃষ্টি কমে এলে ধীরে ধীরে পানি নামতে শুরু করবে এবং পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে