বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্প্রতিক বন্যায় বান্দরবানের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তালিকাভুক্ত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।
তিনি আরও বলেন, একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেয়া ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর জন্য সরকারি উদ্যোগে বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেয়া হবে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবান জেলা পরিষদের রেস্ট হাউসে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, সরকারের লক্ষ্য শুধু ত্রাণসামগ্রী বিতরণ নয়; ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা। এজন্য ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পুনর্বাসনের পাশাপাশি বসতঘর নির্মাণ, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরও বলেন, বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও দুর্ভোগ লাঘবে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে বান্দরবান জেলা শহরের বিভিন্ন বন্যাকবলিত এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম অঞ্চল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের পরিস্থিতির খোঁজখবর নেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাই লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতামত দিন