উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে
দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিপাতে এই অঞ্চলের ৯টি গুরুত্বপূর্ণ নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার (৫ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের পাঁচটি জেলার অন্তত ১১টি পয়েন্টে পানি বর্তমানে প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করেছে।
বন্যা পূর্বাভাসে আরও জানানো হয়, সিলেট জেলায় কুশিয়ারা নদীর পানি ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর পানি সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ৮ সেন্টিমিটার এবং জগন্নাথপুরে নলজুর নদী ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। নেত্রকোনা জেলায় ধনু-বাউলাই নদীর পানি খালিয়াজুরি পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার এবং মগরা নদীর পানি নেত্রকোনা পয়েন্টে ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সোমেশ্বরী, ভুগাই-কংশ ও আটপাড়া পয়েন্টে মগরা নদীর পানি কিছুটা হ্রাস পেলেও এখনো তা বিপৎসীমার অনেক ওপরে অবস্থান করছে।
এদিকে মৌলভীবাজারে মনু নদীর পানি গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। জানা গেছে, হবিগঞ্জের আজমিরিগঞ্জে কালনি নদী ২৩ সেন্টিমিটার এবং সুতাং রেল-ব্রিজ পয়েন্টে সুতাং নদী বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে, সুনামগঞ্জের হাওর এলাকার নদীগুলোতে পানি বাড়ার গতি বর্তমানে অত্যন্ত ধীর। সেখানে প্রতি ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে পানি বাড়ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে