১০ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, চার নদীর পানি বিপৎসীমার ওপরে
দেশের অন্তত ১০টি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে ছয় জেলার বিভিন্ন পয়েন্টে চারটি নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত কেন্দ্রটির নিয়মিত বন্যা পরিস্থিতি বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে। এতে এসব জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এছাড়া ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সিলোনিয়া ও হালদা নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। এর ফলে এসব জেলার নিম্নাঞ্চলের পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৫৭টি নদীর পানি বাড়ছে, ৬৪টির পানি কমছে এবং ছয়টির পানি অপরিবর্তিত রয়েছে।
কেন্দ্রটি জানিয়েছে, বর্তমানে তিস্তা, কুশিয়ারা, সুরমা, সোমেশ্বরী, মুহুরী ও মাতামুহুরী নদীর পানি সতর্কসীমা বা তার কাছাকাছি অবস্থান করছে। তবে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
মতামত দিন