দেশের প্রধান নদ-নদীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে
দেশের উত্তর-পূর্ব, পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানির উচ্চতা অব্যাহত কমছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলায় উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাত হয়নি। সেই সঙ্গে উজানের নদ-নদীর পানির উচ্চতা হ্রাস অব্যাহত রয়েছে। ফলে ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বর্তমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে।
কেন্দ্রটি আরও জানায়, মৌলভীবাজার ও হবিগঞ্জের নদ-নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উচ্চভূমিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময়ের মধ্যে কুমিল্লার গোমতী নদীর পানির উচ্চতা কমতে পারে এবং এর সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
তবে আগামী ২৪ ঘণ্টায় ফেনীর নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কোথাও কোথাও স্থিতিশীল থাকতে পারে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উচ্চভূমিতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে চট্টগ্রামের সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদাসহ অন্যান্য প্রধান নদ-নদীর পানির উচ্চতা বাড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে ব্রহ্মপুত্র-যমুনা ও সুরমা-কুশিয়ারা নদীর পানির উচ্চতা কমছে। এ ছাড়াও গঙ্গা-পদ্মা নদীর পানির উচ্চতা স্থিতিশীল রয়েছে এবং উত্তরাঞ্চলে তিস্তা-ধরলা-দুধকুমার নদীর পানির প্রবাহ স্বাভাবিক রয়েছে। যা পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে