আগামী ২৪-৪৮ ঘণ্টায় ৫ জেলায় বন্যার আশঙ্কা
টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এ অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পাঁচ জেলায় আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাসে বলা হয়েছে— লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হতে পারে। এতে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি স্থিতিশীল ছিল। তবে আগামী তিন দিনে এসব নদীর পানি বাড়তে পারে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি বেড়েছে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিনে এই দুটি নদীর পানিও আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে যেসব এলাকায় ইতিমধ্যে বন্যা রয়েছে, সেখানে পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
মতামত দিন